বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়ালো

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা চার যুবক ব্যাংক ভবনের নিচতলা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাংকের সামনে রাখা চারটি মোটরসাইকেল।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, ঘটনার সময় তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ করছিলেন। কাজ শেষে দুই ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার প্রধান ফটকের কাছে এলে চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান। তাঁরা পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরে ব্যাংকের নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত পেট্রলবোমার আলামত উদ্ধার করে।
উল্লেখ্য, এর আগেও একই শাখায় হামলার চেষ্টার ঘটনা ঘটেছিল। গত বছরের ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে শাখার প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: