তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের বাইরে ওসির নতুন উদ্যোগ, এবার শিক্ষকতা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের বাইরে ওসির নতুন উদ্যোগ, এবার শিক্ষকতা

9 November 2026, 9:10:28

 

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের পরিচিত কাজ অপরাধ দমন, আসামি গ্রেপ্তার আর আইনশৃঙ্খলা রক্ষা। তবে সেই পরিচয়ের বাইরে গিয়ে এবার শিক্ষকতার ভূমিকায় দেখা গেল খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাসকে। হাতে অস্ত্র নয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন সচেতনতার বার্তা। আলোচনার বিষয় আত্মহত্যা, বাল্যবিয়ে ও মাদকের ভয়াবহতা। তাঁর পাঠদান শেষে শিক্ষার্থীদের কণ্ঠে উঠে এলো অঙ্গীকার—‘মাদককে না বলব, বিয়ের পাত্রী হতে চাই না, হতে চাই শিক্ষার্থী।’
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজের এইচএসসি বিভাগের শ্রেণিকক্ষে এ ব্যতিক্রমী সচেতনতামূলক পাঠদান অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক মন্টুসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন ওসি আহম্মেদ আলী বিশ্বাস। শুধু মাদক কিংবা বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরেই থেমে থাকেননি তিনি; শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তাঁর আলোচনায় উঠে আসে কীভাবে মাদক থেকে দূরে থাকতে হবে, বাল্যবিয়ের চাপ এলে কী করতে হবে এবং হতাশার সময়ে কীভাবে নিজেকে সামলে রাখতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে ওসি শিক্ষার্থীদের বলেন, মাদক একজন মানুষের জীবনকে ধ্বংস করার পাশাপাশি পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষাজীবনে মাদকের সংস্পর্শে এলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই নিজেরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বন্ধু ও সহপাঠীদেরও সচেতন করতে হবে।
বাল্যবিয়ের বিষয়ে তিনি শিক্ষার্থীদের জানান, অল্প বয়সে বিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। বিশেষ করে মেয়েদের স্বপ্ন ও সম্ভাবনা অনেক ক্ষেত্রে অকালেই থেমে যায়। তাই পড়াশোনা শেষ করে নিজেদের যোগ্যতা ও ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। কোথাও বাল্যবিয়ের আয়োজনের খবর পেলে পরিবার, শিক্ষক কিংবা প্রশাসনকে জানাতে হবে।
কলেজে আসা-যাওয়ার পথে ইভটিজিং বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার হলে চুপ না থেকে দ্রুত শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশকে জানানোর পরামর্শ দেন ওসি। একই সঙ্গে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগ এবং ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সাবধান থাকতে বলেন তিনি।
আত্মহত্যা প্রতিরোধের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন ওসি আহম্মেদ আলী বিশ্বাস। জীবনে হতাশা, ব্যর্থতা কিংবা নানা সংকট আসতেই পারে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বলেন, কোনো সমস্যার কারণে নিজেকে একা করে ফেলা যাবে না। মানসিক চাপে থাকলে পরিবারের সদস্য, শিক্ষক কিংবা বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলতে হবে। কোনো সহপাঠী মানসিকভাবে ভেঙে পড়লে তার পাশে দাঁড়ানোও সবার দায়িত্ব।
পাঠদানের একপর্যায়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে। তারা জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে নিজেরা সচেতন থাকবে এবং বাল্যবিয়ের পরিবর্তে শিক্ষাজীবনকে অগ্রাধিকার দেবে। শিক্ষার্থীদের এমন অঙ্গীকারে শ্রেণিকক্ষের সচেতনতামূলক আয়োজনটি পায় ভিন্ন মাত্রা।
স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে মাদক, বাল্যবিয়ে ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি করা সম্ভব। তেরখাদা থানার এ উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি দৃষ্টান্ত।
উল্লেখ্য, তেরখাদা থানা এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে থানা-পুলিশ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: