রূপসায় এমপি আজিজুল বারী হেলাল বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চাই | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চাই

16 October 2026, 9:54:30

 

রূপসা প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমরা কোনো গোষ্ঠী বা সম্প্রদায় হিসেবে মানুষকে আলাদা করে দেখতে চাই না। বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদা দিয়ে মানবজাতির অংশ হিসেবে দেখতে চাই। ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক, তা আমরা চাই না। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। একটি নির্দিষ্ট দল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁয়তারা করছে। দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা বিএনপি সরকার কখনোই মেনে নেবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেবী দুর্গা যেমন অশুভ শক্তির দমনে আবির্ভূত হয়েছিলেন এবং অশুভ শক্তিকে দমন করে ফিরে গিয়েছিলেন, তেমনি আমাদেরও সব ধরনের অনাচার ও অন্যায় থেকে দূরে থাকতে হবে। শুধু ব্যক্তিজীবন নয়, সমাজ থেকেও অন্যায়, অবিচার ও অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। দেবী দুর্গার আগমনের তাৎপর্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং শুভ শক্তির প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার, এই চেতনাকে ধারণ করে সবাইকে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামীলীগ সরকার শুধু হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়েছে, কিন্তু তাদের কল্যাণে কার্যকরভাবে কিছুই করেনি। হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সমস্যার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। অথচ এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।
বর্তমান সরকার এ দেশের হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করে তাদের ধর্মীয় উৎসব ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রত্যেকটি মন্দিরে পূর্বের তুলনায় অধিক পরিমাণে সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগে এক দিনের সরকারি ছুটি থাকলেও বর্তমানে তা বাড়িয়ে তিন দিন নির্ধারণ করা হয়েছে। এসব উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদ্‌যাপনকে আরও আনন্দময় ও উৎসবমুখর করতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সমাজ থেকে সব ধরনের অন্যায়, অনাচার ও অশুভ শক্তির বিনাশ ঘটুক এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক।

তিনি আজ ১৬ অক্টোবর (শুক্রবার) দুপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি আয়োজনে উপজেলার ৭৬ টি পূজা মন্দিরের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও শারদীয় শুভেচ্ছা প্রদান কালে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়বাদী দল রূপসা উপজেলা শাখার পূজা উদযাপন পর্যবেক্ষণ কমিটির আহবায়ক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।

অনুষ্ঠানে রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও শুভেচ্ছা বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস ও সাধারণ সম্পাদক তপন দাস।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস,আছাফুর রহমান,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শাহাবুদ্দিন ইজারাদার,শরিফুল ইসলাম বকুল,আজিজুর রহমান, দিদারুল ইসলাম, হুমায়ূন কবীর, মিকাইল বিশ্বাস, বক্তৃতা করেন রেজাউল ইসলাম রেজা, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, মহিতোষ ভট্টাচার্য, ইন্দ্রজিত চক্রবর্তী, গনেশ পাল, বাসুদেব রায়, পিন্টু গোপাল দে, প্রবীর নন্দী প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: