মোংলায় শিক্ষক-অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় শিক্ষক-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার মালগাজী এলাকার আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থী-২০২৭, ইবতেদায়ী ৫ম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রস্তুতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ কোহিনুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমীর মাওলানা আবু হানিফ মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির হোসেন, সাবেক সদস্য সচিব রুস্তম আলী, মঈনুদ্দীন মোল্যা, আঃ হাকিম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু হানিফ মল্লিক বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি মাদক, সন্ত্রাস, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা মোঃ কোহিনুর সরদার বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় বা মাদ্রাসায় শিক্ষকরা পাঠদান করবেন, আর বাড়িতে সন্তানদের পড়াশোনা ও আচরণের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষক-অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা থাকলে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটানো সম্ভব।
তিনি আরও বলেন, দাখিল পরীক্ষার্থী-২০২৭ এবং বৃত্তি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মি মাদ্রাসায় উপস্থিতি, পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক-অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা শেষে দাখিল পরীক্ষার্থী-২০২৭, ইবতেদায়ী ৫ম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: