পাইকগাছায় ইজিবাইক চালক ও স্ট্যান্ডের স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার, চালকদের বিক্ষোভ প্রত্যাহার ও চলাচল স্বাভাবিক

সেকেন্দার আলী, পাইকগাছা :
খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে এবং অভিযুক্ত নেতার বহিষ্কারের পর ইজিবাইক চালকরা আন্দোলন স্থগিত করে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর তিনটার দিকে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার মো. রুবেল চালकকে যাত্রী নামিয়ে তার সাথে দেখা করতে বলেন। চালক গাড়ি থামিয়েই স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হন। যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়ার কারণে চালকের সাথে বাকবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে সেই যাত্রীদের একজন তার ছেলে রুবেলকে ডেকে আনেন। অভিযুক্ত রুবেল সরদার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ইজিবাইক স্ট্যান্ডে এসে চালকসহ স্ট্যান্ডের স্টার্টার ও কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী রুবেলের শাস্তির দাবিতে রবিবার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।
পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছিল। বিগত দিনে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ও মনিরুজ্জামান মন্টু এবং বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয়ভাবে এই দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরবর্তীতে তারা তাদের বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন, যার ফলে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: