দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে’—লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

মোঃ আবু বকর সিদ্দিক বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রামপাল-মোংলার গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন করে শপথ নেওয়ার দিন।
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাই দলের প্রতিটি পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। কোনো ধরনের বিভেদ, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মোংলা শহরের প্রধান সড়কগুলো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির হাওলাদার, সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রদল নেতা মো. ঈমান হোসেন রিপনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মোংলা উপজেলা ও পৌর পর্যায়ে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে মোংলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: