টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে | বঙ্গ নিউজ
হোম / অপরাধ, আঞ্চলিক / বিস্তারিত

টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে

28 November 2026, 9:40:57

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন সিলমুন এলাকায় পৈতৃক জমি দখল,বসতবাড়ি ছাড়ার হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে মোঃ আসাদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিবাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে।এ সময় সাংবাদিকদের উপস্থিতিতেই অভিযোগকারী মোঃ আবু বকর সিদ্দিকের ওপর হামলা চালানোর অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আবু বকর সিদ্দিক (৩২)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, সিলমুন এলাকার ৪৭ নম্বর ওয়ার্ডে তাঁদের দাদার সম্পত্তি পাঁচ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক আপোষ বন্টনের ভিত্তিতে ভাগ করে ভোগদখল করে আসছিলেন।সিলমুন মৌজায় আর.এস ২৭৩ নম্বর দাগে মোট ৪০ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমি তাঁর ছোট চাচা মোসলেম মিয়া এবং বাকি ২০ শতাংশ জমি তাঁর বাবা ভোগদখল করতেন। বাবার রেখে যাওয়া ২০ শতাংশ জমির মধ্যে প্রায় ৬ শতাংশ জমিতে তাঁদের বসতবাড়ি ছিল।কিন্তু
অভিযোগে বলা হয়,২০১৪ সালের দিকে মোঃ আসাদ মিয়া জোরপূর্বক তাঁদের বসতবাড়ি ভেঙে জমির একটি অংশ তার দখলে নেন। এ ঘটনায় তাঁরা গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টঙ্গী) আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলার কিছুদিন পর অভিযোগকারীর বাবা মারা যান। এর আগে আসাদ মিয়া পারিবারিকভাবে বিরোধ মীমাংসার প্রস্তাব দিয়ে তাঁদের পূর্বের জায়গা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাসে বিশ্বাস করে তাঁরা মামলাটি প্রত্যাহার করেন।
কিন্তু পরবর্তীতে জায়গা বুঝিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ঘোরানো হলেও আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আবু বকর সিদ্দিক। উল্টো বর্তমানে আবারও তাঁদের অবশিষ্ট জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর।
অভিযোগকারী আরও জানান, বিবাদীপক্ষ তাঁদের বাড়ির ভাড়াটিয়াদের জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বাড়িতে এলে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। জমির বিষয়ে কথা বলতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে আসাদ মিয়া অজ্ঞাতনামা লোকজন নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বিভিন্ন হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে গত ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিবাদীপক্ষের লোকজন তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের উপস্থিতিতেই অভিযোগকারী আবু বকর সিদ্দিকের ওপর হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযোগকারী আবু বকর সিদ্দিক বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা হয়রানি ও হুমকির শিকার হচ্ছি। আমরা কোনো সংঘাত চাই না, ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। সাংবাদিকদের উপস্থিতিতে আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা চাই।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান জানান, জমিজমা বিরোধসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা এবং অভিযোগকারীর ওপর হামলার অভিযোগও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: