খুলনার তারিকুল ইসলাম মাসুমের সঙ্গীতাঙ্গনে দীর্ঘ দুই যুগ ; বর্তমান ব্যান্ডের লিডার ও ভোকালিষ্ট অবস্থানে সুনাম অর্জন করে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক :
খুলনার ব্যান্ড সংগীতের সঙ্গে তারিকুল ইসলাম মাসুমের পথচলা শুরু ২০০১ সালে। দেখতে দেখতে পেরিয়ে গেছে দুই দশকেরও বেশি সময়। দীর্ঘ এই যাত্রায় তিনি শুধু একজন শিল্পী হিসেবে নয়, ‘বর্তমান’ ব্যান্ডের লিডার ও ভোকাল হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন।
মাসুমের ব্যান্ডজীবনের শুরুর দিকে তার সঙ্গে ছিলেন আশিক (ড্রামার), পরাগ (লিড গিটার), রানা (বেইজ গিটার) ও জিয়া (কিবোর্ড)। তবে ‘বর্তমান’ ব্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০২ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন তারিকুল ইসলাম মাসুম ও ইফতেখার বাপ্পি, যিনি ব্যান্ডটির লিড গিটারিস্ট ছিলেন।
২০০২ সালে জাহানাবাদ ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে একক শিল্পী হিসেবে পারফর্ম করার সুযোগ পান মাসুম। সেখানেই বাপ্পির সঙ্গে তার পরিচয়। পরে বাপ্পির বন্ধু এমি (কিবোর্ড) ও দিদার (বেইজ গিটার) ব্যান্ডে যুক্ত হন। শুরুতে রাজিব অল্প সময়ের জন্য অক্টোপ্যাড ও ড্রামের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের শুরুতে সাগর ড্রামার হিসেবে ব্যান্ডে যোগ দেন।
২০০৪ সালে ব্যান্ডটির নাম দেওয়া হয় ‘বর্তমান’। নামটি দেন খুলনার পরিচিত কণ্ঠশিল্পী ঝিলিক বাবু।
ব্যান্ডটির প্রথম শো হয় ফকিরহাটে। মাসুমের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় তারাই প্রথম ব্যান্ড হিসেবে পারফর্ম করেছিল। শুরুর দিনগুলোতে খালিশপুর মারওয়ারী গেটের একটি প্র্যাকটিস প্যাডে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুশীলন করতেন তারা। টানা ছয় মাসের এই কঠোর অনুশীলনই ব্যান্ডটির ভিত্তি শক্ত করে।
২০০৭ সালে ‘বর্তমান’ অংশ নেয় ‘ডিরকস্টার’ রিয়েলিটি শোতে। ৭৭৩টি ব্যান্ডের প্রতিযোগিতায় সেরা ছয়ে জায়গা করে নেয় তারা। তবে ঠিক সেই সময় ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও লিড গিটারিস্ট ইফতেখার বাপ্পির এইচএসসি পরীক্ষা থাকায় তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
সে সময় খুলনার জনপ্রিয় লিড গিটারিস্ট পরাগ ভাই ও বেইজ গিটারিস্ট রানা ভাই সজিব চৌধুরীর নাম প্রস্তাব করেন। সজিব ব্যান্ডে যোগ দেওয়ার পরই ‘বর্তমান’ ডিরকস্টারে অংশ নেয়। এই সময়ে ব্যান্ডটির জন্য সজিব চৌধুরীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু ডিরকস্টার নয়, পরবর্তীতে ২০০৯ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত ‘বর্তমান’-এর অ্যালবাম ‘কোন গান নয়’-এর সব গানের মিউজিক অ্যারেঞ্জমেন্টও করেন সজিব চৌধুরী।
ডিরকস্টারে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি ব্যান্ডটির বেইজিস্ট দিদার নির্বাচিত হন ‘বেস্ট বেইজিস্ট’।
এরপর ২০০৯ সালে ‘বর্তমান’ ও ‘বেদুঈন’ পদ্মার এপারের প্রথম দুটি ব্যান্ড হিসেবে BAMBA-এর সদস্যপদ লাভ করে।
২০০৯ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত হয় ‘বর্তমান’ ব্যান্ডের অ্যালবাম ‘কোন গান নয়’। অ্যালবামের ‘অভিশপ্ত’ ও ‘অভিমানী’ গান দুটি ছাড়া বাকি গানগুলোর গীতিকার ও সুরকার ছিলেন সুবহে সপু। তার অবদান ব্যান্ডটির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
‘অভিশপ্ত’ গানটির গীতিকার ও সুরকার ছিলেন সোলস ব্যান্ডের ড্রামার আহসানুর রহমান আশিক।
বর্তমান ব্যান্ডের প্রকাশিত গান প্রায় ১৮টি। ‘মাটি বলে’, ‘দূর বহুদূর’, ‘ও রাত তুমি’, ‘অভিশপ্ত’, ‘মাঝি’, ‘আলো ছায়া’, ‘মা’, ‘কোন গান নয়’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
ব্যান্ডটির জনপ্রিয় গান ‘ফেরারী তারা’। গানটির গীতিকার ও সুরকার হায়দার ইকবাল। মাসুমের মতে, এই গান যেমন ‘বর্তমান’কে খুলনার মানুষের কাছে স্মরণীয় করে রাখবে, তেমনি হায়দার ইকবালের নামও খুলনার সংগীতপ্রেমীদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।
মাসুমের সংগীতে আসার পেছনে বড় অনুপ্রেরণা ছিলেন ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান। ক্লাস সেভেনে পড়ার সময় খালিশপুরে পাশের বিল্ডিংয়ে মিজানকে দেখেই ব্যান্ড সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়।
দেশীয় ব্যান্ডের মধ্যে আর্ক, LRB, মাইলস ও ওয়ারফেজ তাকে অনুপ্রাণিত করেছে। আর আন্তর্জাতিকভাবে Scorpions, System of a Down, Metallica, Bryan Adams, Bon Jovi ও Michael Jackson-এর সংগীত থেকেও তিনি অনুপ্রেরণা পেয়েছেন।
নতুন প্রজন্মের ব্যান্ডগুলোর জন্য মাসুমের পরামর্শ।শুধু হাতে বাদ্যযন্ত্র নিয়েই দ্রুত স্টেজে ওঠার চিন্তা না করে দীর্ঘ সময় অনুশীলন করতে হবে। অন্য ব্যান্ডের গান বাজানোর ক্ষেত্রেও শতভাগ সঠিকভাবে গান তুলে বাজানোর চর্চা একজন শিল্পীর দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তবে তার আক্ষেপ, একটা সময় ‘মিউজিক মানেই ছিল খুলনা’, কিন্তু এখন সেই অবস্থান আর আগের মতো নেই।
তার আহ্বান, নতুন প্রজন্মকে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে খুলনার ব্যান্ড সংগীতকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে হবে।
দীর্ঘ এই পথচলায় ‘বর্তমান’ ব্যান্ডের সঙ্গে জড়িয়ে আছে পরাগ, রানা, আশিক, ইফতেখার বাপ্পি, শুভ, ডাবলু, রাজিব, সজিব চৌধুরী, সুবহে সপু, হায়দার ইকবাল, মিজান, পার্থ, মাসুম, মারুফ, ঝিলিক বাবুসহ আরও অনেক সংগীতশিল্পীর নাম।
বর্তমানে নতুন কোনো গান করার পরিকল্পনা না থাকলেও দুই দশকের বেশি সময়ের অর্জন, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়েই এগিয়ে চলেছেন তারিকুল ইসলাম মাসুম ও ‘বর্তমান’ ব্যান্ড।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: