উপকূলের প্রতিটি ঘরে পৌঁছাবে পানির ট্যাংক: পরিবেশ প্রতিমন্ত্রী | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

উপকূলের প্রতিটি ঘরে পৌঁছাবে পানির ট্যাংক: পরিবেশ প্রতিমন্ত্রী

23 August 2026, 7:41:21

মোঃ আবু বকর সিদ্দিক (বাগেরহাট):

উপকূলীয় অঞ্চলের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

রোববার সকালে মোংলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝেও পানির ট্যাংক বিতরণ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের হাতে পানির ট্যাংক তুলে দেওয়া হয়। উপকূলীয় এলাকায় তীব্র লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট মোকাবিলা এবং বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানির চাহিদা পূরণে এসব ট্যাংক বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, “তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলাসহ আশপাশের এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট রয়েছে। এ সংকট নিরসনে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে তা দিয়ে মানুষের পানির চাহিদা পূরণে উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।”

তিনি বলেন, “উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সুপেয় পানির উৎস সৃষ্টিতে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলের কোনো মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি স্থায়ী সুপেয় পানির উৎস তৈরির মাধ্যমে এ অঞ্চলের মানুষের পানির সংকট নিরসনে কাজ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মোংলাসহ উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট বিদ্যমান। বিশেষ করে শুষ্ক মৌসুমে এ সংকট আরও তীব্র আকার ধারণ করে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক পাওয়ায় সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের আশা, সরকারি উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হলে বৃষ্টির পানি সংরক্ষণের সুযোগ বাড়বে এবং উপকূলের সুপেয় পানির সংকট অনেকাংশে লাঘব হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: