খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম: এমপি হেলাল

12 November 2026, 11:05:34

 

তেরখাদা সরকারি নর্থ খুলনা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ কিংবা ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ তৈরি করা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেরখাদা সরকারি নর্থ খুলনা কলেজের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে এখন থেকেই সততা, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। দলগত প্রতিযোগিতার মধ্য দিয়ে নেতৃত্ব, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা পাওয়া যায়। অন্যদিকে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন সৃজনশীল আয়োজন করতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে, তেমনি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর পরিচয় শুধু পরীক্ষার ফলাফলে নির্ধারিত হয় না। তাকে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার সঙ্গে মানবিকতা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একটি আদর্শ ও সচেতন প্রজন্ম তৈরি হবে। আর সেই প্রজন্মই ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপি নেতা মো. এনামূল হক সজল ও মো. আনিছুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সাইফুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।
কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম রাজু ও অনির্বাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনীমা বিশ্বাস, সাধন কুমার সাহা ও মো. সফিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মো. মিল্টন হোসেন মুন্সী, প্রভাষক এস এম শফিউল্লাহ, শেখ মো. ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস, মোল্লা শরিফুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ঈশান মোল্যা এবং শিক্ষার্থী অহনা সাহা।
এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি এসকে আজিজুল বারী হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের আগে তিনি কলেজের ২০২৫-২৬ সালের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ