শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

10 November 2026, 6:34:20

 

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে একটি হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি, ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য সাপোর্ট স্টাফ।

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ