তেরখাদার মধুপুরে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ফরিদের নির্বাচনী উঠান বৈঠক; স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু, গ্রামেগঞ্জে চালাচ্ছেন গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলাম ফরিদ। এরই অংশ হিসেবে ইউনিয়নের ৫ নম্বর নয়া বারাসাত ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) আয়োজিত এ বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সিরাজুল ইসলাম ফরিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মধুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ও কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. বদরুল আলম দুলু। সঞ্চালনা করেন তেরখাদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইয়ামিন শেখ।
এতে বক্তব্য দেন মধুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নাসিম শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরাফাত শেখ, সহসভাপতি মো. মাসুদ রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল সর্দার, বিএনপি নেতা মনিরুল মোল্লা, মাহফুজ শেখ, আক্তার মোল্লা ও সাজারুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ফরিদ বলেন, ‘ইউনিয়নবাসীর যেকোনো বিপদ-আপদে আমি সবসময় পাশে থাকতে চাই। যেকোনো সময় আমাকে ডাক দিলে আপনাদের ডাকে সাড়া দেব। সমাজের সার্বিক উন্নয়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
এদিকে, উঠান বৈঠকের পাশাপাশি মধুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম ফরিদ। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। পাশাপাশি শুনছেন স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ, এলাকার সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা।
স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার পক্ষে জনসমর্থন তৈরির চেষ্টা করছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
আসন্ন নির্বাচনকে ঘিরে মধুপুর ইউনিয়নে প্রার্থীদের এমন আগাম তৎপরতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আবহ তৈরি করছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

