গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
বাগেরহাট জেলা প্রতিনিধি:
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে এফভি মায়ের দোয়া নামের একটি ফিশিং বোটে ১২ জন জেলে মাছ আহরণ করছিলেন। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান।
বিষয়টি জানতে পেরে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
অভিযান চালিয়ে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে তাতে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

