মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬

সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

17 November, 2026 1:09:39

 

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ, শ্মশান টিলা, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, আখালিয়া এবং হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা), বড়গুল ও আখালিয়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support