রূপসায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

রূপসা (খুলনা) প্রতিনিধি:
রূপসা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্দির পরিদর্শন করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তারা ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার পূজা মন্দির, শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা পূর্বপাড়া পূজা মন্দির, শ্রীফলতলা চৌধুরীবাড়ী পূজা মন্দির, সনাতনী জাগরণী সংঘ পূজা মন্দির, জোয়ার সার্বজনীন পূজা মন্দির এবং আইচগাতী ইউনিয়নের রাজাপুর পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দির ও রাজাপুর শীতলাবাড়ি সার্বজনীন পূজা মন্দিরসহ বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহামুদ হোসাইন রাজু, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর খান, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন ইজারাদার, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন বিশ্বাস খোকন , আশুতোষ ব্যানার্জি, গৌতম কুমার কর শিক্ষক শ্যামল কুমার দাস , অশোক কুমার কর্মকার , তাপস কুমার কুন্ডু প্রমুখ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন করতে মন্দির কমিটি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সর্বশেষ
Developed by bd it support