বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

মারধর করে নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে কচুরিপানার নিচে যুবকে ফেলে রাখার দায়ে থানায় লিখিত অভিযোগ

23 September, 2026 7:12:54

 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে এক যুবককে মারধর করে নগদ এক লাখ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর তাকে কচুরিপানার নিচে ফেলে রাখার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছালেহ আহমদ নামে এক ব্যক্তি ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা (গুচ্ছগ্রাম) এলাকায় সাকিস্থ ইটখোলার সামনের সড়কসংলগ্ন সরকারি ডোবার কাছে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ছালেহ আহমদের দাবি, ঘটনার সময় তার ভাতিজা ইমাদ আলী গরু কেনার জন্য নগদ এক লাখ টাকা নিয়ে দয়ামীর ইউনিয়নের রাইগদারা গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে মিনার মিয়া (২০), আফজল মিয়া (২২), রিপন মিয়া (২৩) ও ছইফ উদ্দিন (২০)সহ কয়েকজন তাকে আটক করে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ইমাদ আলীর কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে তাকে মারধর করে পাশের ডোবায় কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

এ সময় ওয়াহিদ মিয়া নামে এক যুবক ঘটনাস্থলে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে ইমাদ আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের সুযোগ পেলে প্রাণে হত্যা এবং লাশ গুম করার হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ছালেহ আহমদ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন। অভিযোগে চারজনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির কথা বলা হয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support