প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ

স্টাফ রিপোর্টার:-
সম্প্রতি ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় ও দৈনিক হক বার্তা অনলাইন নিউজ পোর্টালে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংবাদটিতে যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন এই রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা।
এক প্রতিবাদলিপিতে আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ জানান, প্রকাশিত সংবাদে তাঁর সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করা এবং সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে একপেশে ও অসত্য সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকতার পেশাদারিত্বের পরিপন্থী। আমি সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার এবং সঠিক তথ্য যাচাই করার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় মানহানিকর সংবাদ প্রকাশের কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।”
পরিশেষে, এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
Developed by bd it support