সোমবার ২ নভেম্বর, ২০২৬

পাইকগাছায় চাঁদার দাবিতে দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

31 October, 2026 10:57:17

 

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি:

পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী মো. সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী মো. রাজ্জাক আলীকে কৌশলে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় অপহরণকারীরা।

সেখানে তাঁদের আটকে রেখে মারধর করা হয় এবং ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অপহৃতরা ২০ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা সেকেন্দার আলীকে তাঁর পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলেন।

এদিকে, সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। তাঁর অভিযোগ পাওয়ার পর খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়।

আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support