বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

তেরখাদায় ১৮ পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী রমিজ, দিলেন আর্থিক সহায়তা

21 October, 2026 3:13:46

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ রমিজ। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। এ সময় মন্দির কমিটির কাছে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামীম আহমেদ রমিজ বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলোতে যান। সেখানে উপস্থিত নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের আয়োজন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও খোঁজখবর নেন।
রমিজ বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের দিকনির্দেশনায় নিজের নির্বাচনী এলাকায় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে স্থানীয় মানুষের পাশে থাকতে চান তিনি। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শামীম আহমেদ রমিজ। দলীয় সমর্থন পেলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয়দের সমর্থন ও সহযোগিতাও কামনা করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support