বুধবার ১১ নভেম্বর, ২০২৬

তেরখাদায় মোবাইলের দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ

11 November, 2026 7:27:52

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদায় বৃষ্টির রাতে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কোলা বাজারে অবস্থিত এম আর টেলিকম নামের দোকানটি থেকে আটটি স্মার্টফোন, বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ও বাটন ফোন, মিনিট ও ইন্টারনেট কার্ড, কম্পিউটারের যন্ত্রাংশ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ প্রায় দুই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান কর্তৃপক্ষের দাবি, সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ খোয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরচক্রের বিরুদ্ধে তেরখাদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) দোকান পরিচালনার দায়িত্বে থাকা আল-আমিন ইসলাম নাঈম থানায় অভিযোগ করেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, এম আর টেলিকমের প্রকৃত মালিক মিজবা উদ্দিন মোল্যা। তিনি কোলা বাজার এলাকার মো. মশিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। মালিকের সম্মতি ও অনুমতিতে তাঁর ছোট ভাই আল-আমিন ইসলাম নাঈম দীর্ঘদিন ধরে দোকানটির পরিচালনা ও দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানটি বিকাশের স্টার এজেন্ট হিসেবেও পরিচালিত হয়ে আসছে।
অভিযোগে চুরি হওয়া আটটি স্মার্টফোনের মডেল হিসেবে উল্লেখ করা হয়েছে Redmi Note 13 4G, Redmi Note 10 Pro, Vivo Y28, Poco 9C, Oppo Reno 8 5G, Infinix Hot 10, Infinix Smart 6 Air ও Samsung Galaxy 7 Prime। এ ছাড়া আটটি ব্যবহৃত মোবাইল ফোন, দুটি বাটন ফোন এবং Symphony, Itel, Bengal ও Samsung ব্র্যান্ডের আরও কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে বাংলালিংকের ৫২ হাজার টাকা, গ্রামীণফোনের ৩০ হাজার টাকা, এয়ারটেলের ২০ হাজার টাকা এবং রবির ২০ হাজার টাকার মিনিট ও ইন্টারনেট কার্ড। সব মিলিয়ে এসব কার্ডের মূল্য এক লাখ ২২ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল ফোনের পার্টস, সিম ট্রে ও অন্যান্য যন্ত্রাংশ এবং সপ্তম প্রজন্মের দুটি কম্পিউটার মাদারবোর্ডও চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দোকান থেকে মালিক মিজবা উদ্দিন মোল্যার শিক্ষাগত সনদপত্র, ব্যবসার বকেয়াসংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং নগদ আনুমানিক দুই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন আল-আমিন ইসলাম নাঈম। গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায় ভবিষ্যতে ব্যবসায়িক ও ব্যক্তিগত নানা জটিলতার আশঙ্কা করছেন তাঁরা। একসঙ্গে বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ খোয়া যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে দেশের বাইরে অবস্থানরত এম আর টেলিকমের মালিক মিজবা উদ্দিন মোল্যা হোয়াটসঅ্যাপে জানান, রাজনৈতিক বৈষম্যের কারণে পরিকল্পিতভাবে তাঁর অর্থনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে দোকানে লুটপাট ও চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। সংঘবদ্ধ লুটপাট ও চুরির সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাই।’
ঘটনার বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ‘ওই দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা দোকান থেকে মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, খোয়া যাওয়া মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধার এবং নগদ অর্থ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support