নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার মামলায় গ্রেপ্তার সোহেল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল শেখ উপজেলার মাটিয়াকুল এলাকার মৃত কাবুল শেখের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস তাঁর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, উপজেলার সাচিয়াদাহ ও পাতলা বাজার এলাকায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে করা মামলায় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র থাকার অভিযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে অভিযান চালিয়ে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে সোহেল শেখের অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন বাসিন্দার দাবি, ২০১৯ সালে তাঁর বাড়ি থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় করা মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়েছিল বলে দাবি তাঁদের। তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, ৫ আগস্টের পর সোহেল শেখ বিএনপির পরিচয় ব্যবহার করে সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সাধারণ লোকজনকে হয়রানি ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও সোহেল শেখ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর বিএনপির নেতা পরিচয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন সালিশ-বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও করেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260