তেরখাদায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১০৫ টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের একজন মুজিব মোল্যার বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ছাড়া জোড়া হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামি ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর তেরখাদা ইউনিয়নের আদমপুর এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমপুর গ্রামের মৃত হেকমত মোল্যার ছেলে মুজিব মোল্যা (৩৭) এবং নড়াইলের নড়াগাতী থানার মুলশ্রী গ্রামের সাজ্জাদ ভূঁইয়ার ছেলে মেহেদী ভূঁইয়া (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তেরখাদা থানার এসআই নূর আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল আদমপুর গ্রামের লতিফ মোল্যার পাকা ভবনের পেছনে মাটির রাস্তার ওপর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ মুজিব মোল্যা ও মেহেদী ভূঁইয়াকে আটক করে।
পরে তাঁদের তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১০৫ টাকা উদ্ধার করা হয়। রাত ১১টা ১০ মিনিটে জব্দ তালিকা তৈরি করে এসব আলামত জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের হেফাজতে ইয়াবা রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মুজিব মোল্যার বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ছাড়া জোড়া হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি আসামি ছিলেন বলে জানা গেছে। তিনি উপজেলা মৎস্যদল নেতা আব্দুল লতিফ মোল্লার ছোট ভাই।
অন্যদিকে, গ্রেপ্তার মেহেদী ভূঁইয়া তাঁর আপন ফুফুর রিকশা ভাড়ায় চালাতেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি ফুফুর রিকশাটি বিক্রি করে দিয়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় শুক্রবার (৬ নভেম্বর) তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হলে তাঁদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১০৫ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’
সর্বশেষ
Developed by bd it support