তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ হলেন সিকদার অহিদুজ্জামান লেবু

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান (লেবু)। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সোমবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল হক মন্টু অবসরে যান। তাঁর অবসরের পর শূন্য হওয়া পদে সিকদার অহিদুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করার আশ্বাস দেন।
কলেজ সূত্রে জানা গেছে, সিকদার অহিদুজ্জামান ১৯৮৩ সালে সরকারি নর্থ খুলনা কলেজের একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। শিক্ষাজীবন শেষে ১৯৯৫ সালে একই কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২১ সালে কলেজের একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করেন।
কলেজের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে তাঁর ভূমিকা রয়েছে। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় কলেজে প্রথমবারের মতো অনার্স পর্যায়ে দর্শন বিভাগ চালু হয়। এ ছাড়া কলেজটি সরকারিকরণের প্রক্রিয়াতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গেছে।
সিকদার অহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
Developed by bd it support