সোমবার ২ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

31 October, 2026 11:02:35

 

মোঃ মিনারুল ইসলাম,
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

এমপিওভুক্ত বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং বদলি চালুর দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১শে অক্টোবর) সকাল ১১:০০ টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এমপিওভুক্ত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। নামমাত্র উৎসব ভাতা এবং অপর্যাপ্ত বাড়ি ভাড়ার কারণে তারা ছেলে-মেয়ের পড়াশোনা ও পরিবারের মৌলিক চাহিদা মেটাতে চরম সংকটে পড়েছেন। এছাড়া দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে চাকরি করলেও বদলির সুযোগ না থাকায় শিক্ষকদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানামুখী জটিলতা তৈরি হচ্ছে।

নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসান তার বক্তব্যে বলেন, “আমরা পূর্ণাঙ্গভাবে উৎসব ভাতা পাই না, বাড়ি ভাড়া পাই না এবং দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে চাকরি করলেও বদলির কোনো ব্যবস্থা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা মানবতার জীবন যাপন করছি। ছেলে-মেয়েদের ঠিকমতো পড়ালেখা করাতে পারছি না এবং সময়মতো কাপড় দিতে পারছি না।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দর্শনা ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল-আমীন ও চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী শিক্ষক হাসিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা।

শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পে-স্কেল অনুযায়ী শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং বদলি সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে আগামী ৪ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে ৩ দফা দাবিতে পরবর্তী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support