চাঁদাবাজি মামলায় জামিন পেয়েই বাদীর ওপর হামলা মোংলায় আবাসন প্রকল্পে আতঙ্ক, হত্যাচেষ্টার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় চাঁদাবাজি মামলায় জামিনে বেরিয়েই মামলার বাদী মোঃ আয়নালের (৭৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২৬) মাগরিবের নামাজের পর বুড়িরডাঙ্গা ইউনিয়নের সানবান্ধা আবাসন প্রকল্পে তাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
আয়নালের স্ত্রী নাসিমা বেগমের অভিযোগ, জাহাঙ্গীর, মনির, রুহুলসহ কয়েকজন তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলেও তাকে ফের মারধর করা হয়। জীবন বাঁচাতে দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা ও মালামাল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এ ঘটনায় নাসিমা বেগম মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে সানবান্ধা আবাসন প্রকল্পের জমি বিক্রি, দখল, চাঁদাবাজি, হুমকি ও হয়রানির অভিযোগে আয়নাল বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে অভিযুক্তরা আদালত থেকে জামিনে মুক্ত হন।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা ওসি মানিক চন্দ্র গাইন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে আহতের খোঁজ নিয়েছে। তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
অভিযুক্ত জাহাঙ্গীর, মনির ও রুহুলের বক্তব্য জানতে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
সর্বশেষ
Developed by bd it support