কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে আর পেছনে নিতে পারবে না, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে — খুলনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিকুল আলম মনা

মো: মোশারেফ আলী সোহেল:
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,দীর্ঘ ১৬ বছর রাজপথে রক্ত দিয়ে, আন্দোলন-সংগ্রাম করে এবং ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে আমরা লড়াই করেছি। জেল খেটে চরম নির্যাতন সহ্য করে ফ্যাসিবাদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে আর পেছনে নিতে পারবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে শফিকুল আলম মনা বলেন,একটি চক্র এখনো দেশকে অস্থিতিশীল করতে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যার প্রমাণও মিলেছে। তবে দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে নতুন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশকে আর পেছনের দিকে ঠেলে দেওয়া যাবে না।তিনি নেতাকর্মীদের যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন,সকল বাধা-প্রতিবন্ধকতা ছিন্ন করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।
নগরীর শিববাড়ি মোড়স্থ জিয়া হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি ও আন্দোলন-সংগ্রামের মূল চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য। আগামী দিনে দেশ পুনর্গঠনেও যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশুসহ খুলনা মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
Developed by bd it support