সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

কালিগঞ্জের ধলবাড়িয়া বিশ্ব টয়লেট দিবস উদযাপন

23 November, 2026 9:14:14

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব টয়লেট দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রূপান্তরের বাস্তবায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের এ বছরের প্রতিপাদ্য ছিল “স্যানিটেশন ও লিঙ্গ সমতা। নিরাপদ শৌচাগার। সমান ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিও সদস্য রফিকুল ইসলাম, ফাতেমা খাতুন, ফাহিমা খাতুন, তাহমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য এসএম আব্দুল রব।
অনুষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরে আলোচনা, স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর টয়লেট পরিদর্শন, উপস্থিত বক্তৃতা, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং অঙ্গিকারের দেয়াল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নারী, শিশু, কিশোর-কিশোরী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্যানিটেশন সমস্যা চিহ্নিত করা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা তুলে ধরা এবং এসব সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদের কাছে বাস্তবসম্মত দাবি উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের লক্ষ্য, দিবস উদযাপনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে সবাইকে উৎসাহিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন শুধু সুস্বাস্থ্যের জন্য নয়, বরং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support