সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

21 November, 2026 12:56:22

 

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬)।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিসরুল হামিদ ফুতু ওই এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মুন্টি মৃত জলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি হিসেবে তালশন কালীবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তারা সেখানে সমবেত হয়েছিলেন বলে পুলিশের দাবি।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি ব্যানারসহ আটক করে।

পুলিশের অভিযোগ, ওই সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন।

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও যুবলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support